অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘জাতীয় কবি আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ।’
২৪ মে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের পরম প্রিয়জন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তাঁর চির-অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁকে স্মরণ করছি অনিঃশেষ কৃতজ্ঞতার সঙ্গে।’
তিনি কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, পরাধীন ও পর্যুদস্ত জাতির জীবনে নজরুলের আবির্ভাব ছিল ‘আলোকবর্তিকা’ ও ‘দিকনির্দেশক বাতিঘরের’ মতো। জাতিকে জাগিয়ে তুলতে এবং আত্মমর্যাদাবোধে উজ্জীবিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুলের পুরো জীবন ছিল অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অবিরাম সংগ্রাম। মানুষ, মানবতা, স্বাধীনতা ও নারীমুক্তির পক্ষে তাঁর সাহিত্য ও সংগীত আজও প্রাসঙ্গিক।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রধান উৎস। তাঁর সৃষ্টিকর্ম প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে।
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি এবং বিশ্ব কবিসভারও গুরুত্বপূর্ণ নায়ক।’
সবশেষে তিনি অন্যায়, দারিদ্র্য ও বিভেদমুক্ত একটি সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available