• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:৪৩:৫৭ (24-May-2026)
  • - ৩৩° সে:
বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর গড়তে কঠোর পদক্ষেপ

বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর গড়তে কঠোর পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।২৪ মে রোববার দুপুর ১২টায় বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে।তিনি আরও বলেন, বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ, তিলোত্তমা বগুড়া গড়তে মাটিডালী-থেকে বনানী পর্যন্ত এসি বাস, তিনটা রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকারের একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন।এসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলেও তিনি জানান।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও পরিকল্পিত বগুড়া মহানগরীসহ দেশের সকল শহর গড়ে উঠবে।সভায় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।পরে তিনি দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।