মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তার আগে দারুণ ফর্মে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে হ্যাটট্রিক করে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলের নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি।১৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে নিজেদের মাঠে সিনসিনাটিকে হারায় ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি।খেলার শুরুতে রদ্রিগো ডি পলের একটি পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা। বলটি ঠিকমতো দূরে সরাতে না পারায় তা মেসির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে সিনসিনাটি। একবার সমতায় ফেরার পর তারা ২-১ ব্যবধানে এগিয়েও যায়। চাপের সেই মুহূর্তে আবারও সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। ডি পলের বাড়ানো বল পেনাল্টি বক্সে পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এবং ম্যাচে সমতা ফেরান।এরপরও হার মানেনি সিনসিনাটি। তারা আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে মায়ামি। মেসির বাড়ানো বল থেকে মাতেও সিলভেত্তি গোল করে স্কোরলাইন ৩-৩ করেন।সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইন্টার মায়ামি। জার্মান বের্তেরামে গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। পরে ম্যাচের শেষ ভাগে সিলভেত্তির পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি এবং নিশ্চিত করেন ৫-৩ গোলের জয়।এটি ছিল মেসির ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। ১১৫৩ ম্যাচে তার হ্যাটট্রিকের গড় দাঁড়িয়েছে প্রতি ১৮.৯ ম্যাচে একটি। তবে হ্যাটট্রিক সংখ্যায় এখনও এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার ক্যারিয়ারে রয়েছে ৬৬টি হ্যাটট্রিক।এই ম্যাচে তিন গোল করে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন মেসি। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯১০। চলতি মৌসুমে ১২ ম্যাচে ১২ গোল করে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।