কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।২৪ জুন বুধবার মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে ড্যানিয়েল মুনিওজের একমাত্র গোলে জয় পায় দক্ষিণ আমেরিকার দলটি।এই জয়ে ‘কে’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কলম্বিয়া। একই সঙ্গে নিশ্চিত করেছে শেষ ষোলোতে খেলা। অন্যদিকে, দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ। কলম্বিয়ার হয়ে সবচেয়ে সক্রিয় ছিলেন লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনিওজ। একবার মুনিওজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।প্রথমার্ধে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত। হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, মোহিকা ও গুস্তাভো পুয়ের্তার একাধিক শট রুখে দিয়ে দলকে সমতায় রাখেন তিনি। অন্যদিকে, পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কঙ্গো। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় কলম্বিয়া। লুইস দিয়াজ দুইবার বল জালে জড়ালেও একবার আক্রমণভাগে ফাউল এবং আরেকবার অফসাইডের কারণে গোল দুটি বাতিল হয়। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজ। তার করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে কলম্বিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করা ডিআর কঙ্গোর সামনে এখনও নকআউটে ওঠার সুযোগ রয়েছে। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে তারা দ্বিতীয় স্থান কিংবা সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের পর্বে জায়গা করে নিতে পারে।গ্রুপপর্বের শেষ রাউন্ডে আগামী ২৭ জুন একই সময়ে মাঠে নামবে চার দল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে ডিআর কঙ্গো। একই সময়ে মায়ামিতে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলবে কলম্বিয়া।