• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৮:৩৫:১৫ (30-Mar-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজার নিহত, ঘাতক চালক আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে ট্রাক চালক সুজাত আলীকে আটক করেছে র‌্যাব।২৯ মার্চ রোববার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদ আলীপুর এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি দল তাকে আটক করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি বেনাপোল এলাকা থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া জানান, এ ঘটনায় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাক চালক সুজাত আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে ডিজেল নিতে যান পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত আলী। তবে পাম্পে জ্বালানি না থাকায় তাকে তেল দিতে পারেননি স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।পরে রাত প্রায় ২টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন নাহিদ সরদার ও সহকর্মী জিহাদ মোল্যা। পাম্প থেকে প্রায় ২০০ গজ দূরে রেলব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রাক নিয়ে এসে তাদের মোটরসাইকেলকে চাপা দেন সুজাত আলী। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ মোল্যা।আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জ্বালানি তেল না দেওয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিম ফজলে রাব্বী প্রিন্স জানান, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।