সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাড়ৈইপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সিরিজ ডাকাতির ঘটনার প্রায় চার বছর পর এর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই জানায়, গ্রেফতার আসামির নাম হোসেন মিয়া (৩৫)। তিনি রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে। এর আগে তিনি অন্য একটি ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন। আদালতের অনুমতি নিয়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।


পিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে হোসেন মিয়া রূপগঞ্জের ওই সিরিজ ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং সংঘবদ্ধ ডাকাত দলের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ এপ্রিল গভীর রাতে অস্ত্রধারী ১৫–২০ জনের একটি ডাকাত দল কাঞ্চন এলাকার ফারুক হাসান, খায়রুল বাশার ও তমিজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। তিনটি বাড়ি থেকে মোট প্রায় ২০ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলাটির তদন্তভার পিবিআই নারায়ণগঞ্জকে দেওয়া হয়। পিবিআই জানায়, গ্রেফতার হোসেন মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তিনি একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available