কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় শতবর্ষী একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন।
একই সঙ্গে অভিযুক্তকে আগামী ৭ দিনের মধ্যে পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুজানগর সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন শতবর্ষী পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক ও ইন্সপেক্টর।
উক্ত অভিযানে সুজানগর এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম আজাদকে অভিযুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর কুমিল্লার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার।
এ সময় প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর জলাধার সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তিনি মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দেন যে আগামী ৭ দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
পরিবেশ ও জলাধার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available