তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় মেঘনার বুকে জেগে ওঠা বিভিন্ন চরের পতিত জমিতে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। দিগন্তজুড়ে তরমুজের সবুজ মাঠ দেখে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন, তেলিয়ার চর ও নাগর পাটওয়ারীর চরসহ বিভিন্ন এলাকায় তরমুজের ব্যাপক চাষ হয়েছে। আকার বড় ও ফলন ভালো হওয়ায় কৃষকরা এখন তরমুজ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় বাজারের পাশাপাশি নোয়াখালী ও চট্টগ্রামের আড়ৎগুলোতেও তরমুজ পাঠানো হচ্ছে, ফলে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।


উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তজুমদ্দিন উপজেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৬০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৬৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ১০টি প্রদর্শনী প্লটও রয়েছে।

কৃষক তছলিম মাঝি, মো. হান্নান ও সালাউদ্দিন জানান, অনুকূল আবহাওয়া ও কৃষি অফিসের পরামর্শে এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে কিছু ক্ষেতের তরমুজ বিক্রি শুরু হয়েছে এবং ভালো দাম পাওয়ায় তারা লাভের আশা করছেন।
তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইব্রাহিম বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে কৃষকরা এবার তরমুজ চাষে সফল হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available