চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার রানিহাটী ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথানিপাড়া গ্রামে এ সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে রানিহাটী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলীর সমর্থক ও সাবেক মেম্বার চান্দুর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available