• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ রাত ১০:০৪:৩৭ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৬

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মসজিদের তহবিল থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ ও মসজিদের জমি দখলের অভিযোগে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মুসুল্লিরা।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভূঁইয়ারহাট বাজার জামে মসজিদের মুসল্লি, স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত ভূঁইয়ারহাট বাজার জামে মসজিদের সাবেক সভাপতি হাজী মোশারফ হোসেনের মৃত্যুর পর তার ছেলে মোজাম্মেল হোসেন মসজিদের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে মসজিদের তহবিলের অর্থ আত্মসাৎ এবং মসজিদের জমি দখল করে আসছেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে মসজিদের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন বক্তারা।

Ad

বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মসজিদ পরিচালনা কমিটিতে পরিবর্তন আনা হয়। বর্তমানে নুরুল হুদা মিয়ার নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব পালন করছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরই এসব অনিয়মের বিষয় সামনে আসে বলে দাবি করা হয়।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি নুরুল হুদা মিয়া, সহ-সভাপতি হাজী নূরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল, কোষাধ্যক্ষ মো. আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মসজিদ কমিটির সভাপতি নুরুল হুদা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে মসজিদের তহবিল ও সম্পদের বিষয়ে নানা অনিয়ম হয়ে আসছে। দায়িত্ব গ্রহণের পর আমরা এসব অসঙ্গতির প্রাথমিক প্রমাণ পেয়েছি। উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আত্মসাৎ এবং কিছু জমি অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া যায় না। আমরা চাই, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us