স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে কোম্পানির গাড়ির আদলে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন।
৩ এপ্রিল শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির মতো তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন সাত-আটবার পেট্রোল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নজরদারি শুরু করেন।

গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। আজ শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেন স্কুলের সামনে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়।
পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে ভেতরে তিনটি বড় জারে ভরা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, জারগুলোতে মোট প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।
খবর পেয়ে পুলিশ ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। পরে জব্দ করা পেট্রোল ফুয়েল কার্ডধারীদের মধ্যে শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, মোটরসাইকেল ও তেল জব্দ করে আমরা পাম্পে যাচ্ছি। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে তেল বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available