গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গভীররাতে ঝড়ের কবলে ঘরের চালের নিচে চাপা পড়ে মো. সিরাজ উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৬ এপ্রিল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।


নিহত মো. সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

নিহতের ছেলে শাহীন আলম মোবাইল ফোনে বলেন, আমার বাবা ছাতির বাজার এলাকায় তাজউদ্দিনের জায়গা ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী টিনশেডের ঘর নির্মাণ করে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন। পাশাপাশি ঘরের এক কোনে একটি চৌকি খাটে ঘুমাতেন। প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে সেখানেই ঘুমিয়ে যান। গভীর রাতে প্রচণ্ড ঝড় হয়। সকালে স্থানীয়রা আমাকে খবর দেন বাবা ঘরের চালের নিচে চাপা পড়ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাবার মরদেহ বের করছে স্থানীয়রা। মরদেহ উদ্ধারের পরপরই একটি পিক-আপ ভ্যানে করে গ্রামের বাড়ির রওনা হয়েছি।
তিনি আরও জানান, বাবা বেশ কয়েক বছর যাবৎ শ্রীপুরে থেকে বাঁশ দিয়ে সিলিং তৈরি করেন।
তাজউদ্দীনের ছেলে সজীব আহমেদ বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ নিহত সিরাজ উদ্দিন আমাদের জমি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। সোমবার দিবাগত রাতে প্রচণ্ড ঝড় হয়। তাতে টিনশেডের ঘরের চাল তার উপড়ে পড়ে। সেখানে তিনি চাপা পড়েন। সকাল ৭টার দিকে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে চালের নিচে চাপা পড়া নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের বুকের উপর অনেক চাপ পড়ে। বুকের এক দিকের পাঁজর অন্য দিকে চলে গেছে। মরদেহ উদ্ধারের পরপরই তার ছেলে এসে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় ব্যবসায়ী রুবেল বলেন, সকালের দিকে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন নিয়ে চাপাপড়া থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। টিনের চালের উপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। তাতে টিনের চাল ভেঙে বৃদ্ধের উপর পড়ে। তাতেই তিনি নিচে চাপা পড়ে মারা যান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের সহযোগিতা প্রদান করা হবে।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available