নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
১১ এপ্রিল শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।


র্যাব সূত্রে জানা যায়, ১০ এপ্রিল শুক্রবার রাতে বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় সোনারগাঁ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত কাইল্লা রক্সিকে আটক করা হয়।

গ্রেফতার মাহবুবুর রহমান সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব জানায়, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁও ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। তিনি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া সীমান্ত এলাকা, বিশেষ করে টেকনাফ থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি চক্র পরিচালনা করতেন।
তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাকে আইনের আওতায় আনা হয়েছে।’
তিনি আরও জানান, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available