নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।


ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তাঁর দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র ও বড় ছুরি প্রদর্শন করে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে।

তিনি বলেন, ডাকাতরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে তছনছ করে এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। অস্ত্রের ভয় দেখানোয় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। পুরো ঘটনাটি অল্প সময়ের মধ্যেই ঘটে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available