মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নকল ভেষজপণ্য ও প্রসাধনী তৈরি এবং ভোজ্য তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে পৌরসভার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়।


অভিযানে রুটলি বিডি নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের কারখানা থেকে নকল ভেষজ ও প্রসাধনী সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক তানভীর আহমেদ সাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী ব্র্যান্ডের আদলে নকল ভেষজ ও প্রসাধনী তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে বাজারজাত করছিল।
একই দিনে পৌর শহরের মেসার্স মনিরামপুর ট্রেডার্সে পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে প্রায় ৫ হাজার লিটার (২৫ ব্যারেল) ভোজ্য তেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available