পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি সরু গলিতে ঘটনাটি ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে এ রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না।


অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কলেজের পেছনের সরু গলিতে আবু হাসান তার গতিরোধ করেন। এ সময় তিনি টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর সাক্ষ্য-প্রমাণ ও ঘটনার সত্যতা যাচাই শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।’
অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আবু হাসান দাবি করেন, তিনি শুধু ঘুরতে যাওয়ার কথা বলেছিলেন এবং পরে ক্ষমাও চেয়েছেন, তারপরও কঠোর শাস্তি দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ রায় একটি উদাহরণ হয়ে থাকবে এবং এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available