বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার কররী সি অ্যান্ড বি বাজারে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মৎস্য আড়ত প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পার হলেও কাজ এখনো অসম্পূর্ণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কাজ শেষ না করেই সংশ্লিষ্টদের যোগসাজশে প্রকল্পের বিল উত্তোলন করা হয়েছে। ফলে আধুনিক সুবিধাসম্পন্ন আড়তের প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা।
বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ‘টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের অংশ হিসেবে এই আড়ত নির্মাণ করা হয়। প্রকল্পের আওতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা, আরসিসি সড়ক, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার কথা ছিল।


সরেজমিনে দেখা যায়, আড়তের বিভিন্ন স্থানে নির্মাণকাজ অসম্পূর্ণ পড়ে আছে। কোথাও ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, কোথাও রাস্তার কাজ শেষ হয়নি। কিছু স্থানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী কাজ হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করা হয়েছে। বারবার আপত্তি জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের যোগসাজশে অর্থের ‘হরিলুট’ হয়েছে বলে অভিযোগ করেন তারা।
আরেক ব্যবসায়ী বলেন, শুরু থেকেই নানা অনিয়ম ছিল। একাধিকবার অভিযোগ জানানো হলেও কাজের মান ঠিক করা হয়নি। এখনো আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাইনি।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হেমায়েত হাওলাদার হিমু বলেন, তাকে কিছু না জানিয়েই ওই পদে বসানো হয়েছে। প্রকল্পের কোনো বিষয়ে তাকে সম্পৃক্ত করা হয়নি। তার দাবি, কিছু অনিয়ম হয়েছে এবং পুরো প্রকল্প সভাপতি ও মৎস্য অফিসের কারসাজিতে পরিচালিত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি। নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই কাজ বাস্তবায়ন করা হয়েছে।
অন্যদিকে জেলা মৎস্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, যদি কোনো সমস্যা বা গাফিলতি থেকে থাকে, তার দায় প্রকল্প বাস্তবায়ন কমিটির ওপরই বর্তায়।
এদিকে কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available