ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখ পীর এলাকায় এ ইপিজেড স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
২৯ মার্চ রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেনের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।


এসংক্রান্ত চিঠি জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২৪ মার্চ বেপজার নির্বাহী চেয়ারম্যানের কাছে চিঠি দেন কবীর আহমেদ ভূঁইয়া। সেখানে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত তিনলাখ পীর একটি সম্ভাবনাময় গ্রোথ সেন্টার। জেলা শহরের সঙ্গে এর রয়েছে ভালো যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আখাউড়া এবং প্রাচীন আখাউড়া স্থলবন্দরের নিকটবর্তী হওয়ায় কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য পরিবহনে এলাকাটি অত্যন্ত উপযোগী।
তিনি আরও উল্লেখ করেন, মহাসড়কের পাশে অবস্থিত এ এলাকায় পর্যাপ্ত খাসজমি এবং ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, যা আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণ করা সম্ভব। সার্বিক দিক বিবেচনায় তিনলাখ পীর এলাকাটি ইপিজেড স্থাপনের জন্য উপযুক্ত বলে তিনি মত দেন।
উল্লেখ্য, ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হলো শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত শিল্প এলাকা, যেখানে মূলত রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংযোজন করা হয়। এসব অঞ্চল সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেপজা পরিচালনা করে। এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available