• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩৪:৩২ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

বুটেক্সে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দশম আসরের ক্যাম্পাস ডে আয়োজিত

৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪০:১১

বুটেক্সে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দশম আসরের ক্যাম্পাস ডে আয়োজিত

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) টেক্সটাইল টুডের আয়োজনে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দশম আসরের ক্যাম্পাস ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬ এপ্রিল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং দেশের টেক্সটাইল খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ad
Ad

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুটেক্স উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, আইটিইটি’র সদস্য সচিব ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং নিট এশিয়া লিমিটেডের পরিচালক আমির সেলিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইটিইটি’র আহ্বায়ক ও টেক্সটাইল টুডে ইনোভেশন হাব-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সার।

Ad

এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রো টেক্স লিমিটেডের এজিএম জাইদুর রহমান, আর্ক্রোমা'র বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ বদরুদ্দোজা, আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক প্রকৌশলী এএসএম হাফিজুর রহমান নিক্সন, ট্যানাটেক্স কেমিক্যাল-এর টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার– ফিনিশিং ফর সাউথইস্ট এশিয়া কুনইয়ারুত কানজানাপাতি (মিন্নি), আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি হেড সন্দীপ দাভে, কোটস বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সেলস ম্যানেজার মো. আদনান মাহমুদ, পিওর কেমিক্যালস-এর সিইও মো. ফরহাদ হোসেন।

নিট এশিয়া লিমিটেডের পরিচালক আমির সেলিম বলেন, “আগে অধিকাংশ মেশিন ছিল ম্যানুয়াল। কিন্তু বর্তমানে অটোমেশন ও জ্যাকার্ড মেশিনের মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে। অটোমেশনে জনবল কমলেও দক্ষতার গুরুত্ব বেড়েছে। তাই নতুন প্রজন্মকে বলবো সাহসী হও, সৃজনশীল হও এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাও।”

আইটিইটি’র সদস্য সচিব ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, ”ইন্ডাস্ট্রিতে ভালো করতে হলে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়, বরং নেতৃত্বগুণ ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র যেখানে সবসময় নতুন প্রযুক্তি ও পরিবর্তনের সঙ্গে নিজেকে আধুনিকায়ন করতে হয়। ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিনিয়ত উদ্ভাবনী চিন্তা জরুরি। আর এক্ষেত্রে টেক্সটাইল টুডে প্রকৌশলীদের পথ দেখিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান বলেন, “শুধু জিপিএ বা একাডেমিক রেজাল্ট নয়, নেতৃত্ব দেওয়া এবং মানুষের সঙ্গে কার্যকরভাবে কাজ করার দক্ষতাই এখন সফলতার মূল চাবিকাঠি। এছাড়াও সৃজনশীলতা এবং ‘আউট অব দ্যা বক্স’ চিন্তাভাবনা এখন অত্যন্ত জরুরি। টেক্সটাইল ইন্ডাস্ট্রির মতো শ্রমঘন শিল্পে মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা অপরিহার্য। সবসময় ক্লাসে প্রথম বা দ্বিতীয় থাকা শিক্ষার্থীদের জন্য হয়তো এটি খুব আনন্দদায়ক হবে না। মাঝের সারির শিক্ষার্থীরা বাস্তব জীবনে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে বেশি পারদর্শিতা দেখান।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “গবেষণার জন্য শিক্ষার্থীদের উচিত একটি নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিয়ে সঠিক পরিকল্পনা করা। টেকসই ও উদ্ভাবনী কাজ বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সহায়ক। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সুযোগ সৃষ্টি করে, বাজেট ও রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্ব বিবেচনা করে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। সকল অতিথি এবং ইন্ডাস্ট্রি পার্টনারদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। আশা করি এই সেশন শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক হবে।”

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী এহসানুল করিম কায়সার তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আজকের অনুষ্ঠানটি সফল করা সম্ভব হতো না। আশা করি এই আয়োজন শিক্ষার্থীদের জন্য উপকারী ও স্মরণীয় হয়ে থাকবে।’

সবশেষে, প্রতিযোগিতার উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট-এর ক্যাম্পাস রাউন্ড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমেই আয়োজনটির সফল পরিসমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us