নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের চারটি উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটে। হাওরাঞ্চলে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহতরা হলেন, ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে ধান কাটতে থাকা কৃষকেরা বিপাকে পড়েন। এ সময় বজ্রপাতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় আবুল কালাম বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।
জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে নূর জামাল (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন আহত হন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী।
ধর্মপাশার টগার হাওরে বজ্রপাতে হাবিবুর রহমান নিহত হন। এছাড়া একই উপজেলার সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে ১৫ বছর বয়সী রহমত উল্লার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা।
দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটার সময় লিটন মিয়া (৩০) বজ্রপাতে প্রাণ হারান বলে জানান দিরাই থানার ওসি এনামুল হক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাওর অঞ্চলে হঠাৎ বজ্রপাতের এ ঘটনায় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত নিরাপদ আশ্রয় ও বজ্রপাত থেকে সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available