• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:৩৯ (01-May-2026)
  • - ৩৩° সে:

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ মে ২০২৬ দুপুর ১২:৪০:০৪

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমান সিলেট সফরে যাচ্ছেন। এই সফরকে ঘিরে সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটের উন্নয়নে নতুন গতি আসবে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, ২ মে শনিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

Ad
Ad

সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Ad

সফরকে কেন্দ্র করে নগরীর সড়ক, স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও এগিয়ে চলছে। গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ সাজসজ্জার কাজ জোরেশোরে চলছে।

সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত চেকপোস্ট বসানো হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, প্রস্তুতি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে কাজ চলছে এবং আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা ও মহানগর শাখা প্রস্তুতি সভা ও প্রচার মিছিল করেছে। দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি সুধী সমাবেশে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ, প্রশাসনিক প্রস্তুতি এবং উন্নয়নের প্রত্যাশায় পুরো অঞ্চলে নতুন আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই সফর সিলেটের উন্নয়ন অভিযাত্রায় কতটা বাস্তব গতি যোগ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য
১ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৮



গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭


Follow Us