নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
১০ মে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪/৫ জন সেখানে এসে টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available