বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১ এপ্রিল বুধবার রাতে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। অপরদিকে অপহরণের অভিযোগে গ্রেফতার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।


ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, বুধবার সকাল ১১টার দিকে তার প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সাথে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available