বিনোদন ডেস্ক: জনপ্রিয় কার্টুনিস্ট ও বিনোদন জগতের পরিচিত মুখ মোরশেদ মিশু জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহমিনা শিপার সঙ্গে।
সম্প্রতি রাজধানীর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও ধর্মীয় পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো আড়ম্বর ছাড়াই সাদামাটা আয়োজনে জীবনের বিশেষ মুহূর্তটি উদযাপন করেন এই দম্পতি।


জীবনের নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোরশেদ মিশু বলেন, ‘ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার মনে হয় সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা, যাতে তারা এই অকৃত্রিম সুখের অভিজ্ঞতা লাভ করতে পারে।’

নিজেদের পরিচয়ের গল্পও হাস্যরসের সঙ্গে তুলে ধরেছেন তিনি। মিশুর ভাষ্য, তাদের সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো।
তিনি জানান, এক বন্ধুর সঙ্গে দেখা করতে শিপার অফিসের নিচে গেলে জানালা দিয়ে তাকে দেখে চিনতে পারেন শিপা। পরে বন্ধুর মাধ্যমে পরিচয়ের সূত্রপাত হয়।
স্মৃতিচারণ করে মিশু বলেন, ‘শিপা প্রথমে দেখা করতে রাজি হয়নি। সে ভেবেছিল আমি হয়তো সেলিব্রিটি হিসেবে খুব অহংকারী হব। পরে আমার বন্ধু তাকে জানায়, আমি যথেষ্ট বন্ধুসুলভ।’
তিনি আরও বলেন, ‘তাকে দেখেই আমি পুরো কুপোকাত! এরপর আমি তার ইনস্টাগ্রাম আইডি চাই। পরে ‘ম্যাডাম শিপা’ নিজেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেন। আর এভাবেই আমাদের রূপকথার শুরু।’
মোরশেদ মিশু মূলত জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘পেটকাটা ষ’ এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তার বিয়ের খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই কার্টুনিস্ট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available