স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলসের গ্যালারিভর্তি দর্শকদের সামনে প্যারাগুয়েকে প্রথমার্ধে প্রায় কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা। দাপুটে পারফরম্যান্সে প্রথম ৪৫ মিনিট শেষে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ক্রিস্টিয়ান পুলিসিচ দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ভেতরে ওয়েস্টন ম্যাককেনিকে পাস দেন। বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।
২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিল যুক্তরাষ্ট্র। তবে গোলদাতা ফোলারিন বালোগুন অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি। কিন্তু দ্বিতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের।
৩১তম মিনিটে পুলিসিচের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ২-০ করেন বালোগুন। বাম প্রান্ত দিয়ে দ্রুত এগিয়ে এসে পুলিসিচ ডানদিকে থাকা বালোগুনের কাছে বল বাড়িয়ে দেন। বালোগুন সহজ এক স্পর্শে বল জালে জড়িয়ে দেন।
মাত্র তিন মিনিট পর আবারও গোলের দেখা পান বালোগুন। এবার তাকে গোলের সুযোগ তৈরি করে দেন মালিক তিলম্যান। বালোগুন নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেন।
প্রথমার্ধে প্যারাগুয়েকে কোনো সুযোগই দেয়নি যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ। অন টার্গেটে একটি শটও নিতে পারেনি সফরকারীরা।
সূত্র: রয়টার্স, ইএসপিএন এফসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available