• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:৪৩ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩৮:৪৩

সামরিক ঘাঁটি ব্যবহারে বাধা: স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হামলার জন্য স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন জানিয়েছে, তারা এই অভিযানে তাদের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান চলাচলের অনুমতি দেবে না। এর জবাবে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, স্পেন যদি সহযোগিতা না করে তবে তিনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেবেন। খবর বিবিসির।

স্থানীয় সময় ৩ মার্চ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘স্পেন যে আচরণ করেছে তা ‘ভয়ংকর’। আমরা স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি।’’

Ad
Ad

ট্রাম্প আরও বলেন, আজ বা আগামীকালের মধ্যে স্পেনের সঙ্গে সম্পর্কিত যাবতীয় ব্যবসা বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে।

Ad

ট্রাম্প ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ক্ষমতা রয়েছে স্পেন থেকে আমদানিকৃত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে সতর্কতার সঙ্গে বলেছেন, তারা প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২ মার্চ রোববার ইরান-ইসরায়েল ও মার্কিন সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।

মাদ্রিদের কর্মকর্তারা বলেন, মার্কিন বাহিনীকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া জাতিসংঘের সনদের লঙ্ঘন হবে।

এদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ৩ মার্চ মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবিচ্ছেদ্য অংশ। ফলে ব্লকের নিয়ম অনুযায়ী, একক কোনো সদস্য রাষ্ট্রের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। স্পেনের সরকারও জানিয়েছে, যেকোনো বাণিজ্য পর্যালোচনায় বেসরকারি কোম্পানির স্বায়ত্তশাসন, আন্তর্জাতিক আইন ও ইইউ-মার্কিন দ্বিপাক্ষিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

ট্রাম্পের এই ক্রোধের পেছনে কেবল ঘাঁটি ব্যবহারের বিষয়টিই নয়, বরং প্রতিরক্ষা ব্যয় নিয়েও দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। ট্রাম্প চাচ্ছেন স্পেন যেন তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে, যা স্পেন সরকার প্রত্যাখ্যান করেছে।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে প্রায় ৪৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে—যার মধ্যে ২৬ বিলিয়ন ডলার রপ্তানি ও ২১ বিলিয়ন ডলার আমদানি। মূলত ওষুধ ও জলপাই তেল স্পেনের শীর্ষ রপ্তানি পণ্য।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রেও ট্রাম্প সম্প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন, তবে স্পেনের মতো দেশটির ওপর সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি তিনি এখনো দেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us