• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৮:০৮ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

নেপালে নিরঙ্কুশ জয় পেল বলেন্দ্র শাহর দল আরএসপি

১৩ মার্চ ২০২৬ সকাল ০৮:১৫:৫১

নেপালে নিরঙ্কুশ জয় পেল বলেন্দ্র শাহর দল আরএসপি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, দলটি মোট ১৮২টি আসন পেয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। খবর বার্তা সংস্থা এএফপি।

গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নেপালের ২৭৫ সদস্যের পার্লামেন্টের নিম্নকক্ষের জন্য ভোটগ্রহণ হয়। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি নির্বাচন এবং ১১০টি আসনে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়।

Ad
Ad

১২ মার্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই এক বিবৃতিতে জানান, প্রতিনিধি সভার সদস্য নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

Ad

ফলাফলে দেখা যায়, সরাসরি নির্বাচনে ১৬৫টি আসনের মধ্যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ১২৫টি আসনে জয়লাভ করেছে। এছাড়া সমানুপাতিক ভোটে আরও ৫৭টি আসন নিশ্চিত করে দলটি মোট ১৮২টি আসন পেয়েছে। এতে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

অন্যদিকে, গত পার্লামেন্টের বৃহত্তম দল নেপালি কংগ্রেস পেয়েছে ৩৮টি আসন। পরাজিত কেপি শর্মা অলির নেতৃত্বাধীন মার্ক্সবাদী দল পেয়েছে ২৫টি আসন। আর মাওবাদীরা পেয়েছে মাত্র ৭টি আসন।

ভট্টরাই জানান, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে তিন দিনের মধ্যে তাদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করে কমিশনে জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী প্রাণঘাতী যুব বিক্ষোভের মুখে তৎকালীন সরকারের পতনের পর এটিই ছিল দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। ‘জেন জি’ ব্যানারে শুরু হওয়া এই বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু হলেও দ্রুত তা দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বৃহৎ গণআন্দোলনে রূপ নেয়।

এদিকে বলেন্দ্র শাহ নিজেই চারবারের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে তার নিজ আসনে পরাজিত করেছেন। কাঠমান্ডুর মেয়রের পদ থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তার এই উত্থান নেপালের সাম্প্রতিক রাজনীতিতে এক নাটকীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক
পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৫:১০







Follow Us