আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাওয়ার মধ্যে কুয়েতের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
১৯ মার্চ বৃহস্পতিবার কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ‘মিনা আবদুল্লাহ’ শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছেন।


কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, হামলার পরে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য, মাত্র এক দিনের ব্যবধানে কুয়েতের দুটি প্রধান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটল। এর আগে ‘মিনা আল-আহমাদি’ শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলা ঘটেছিল। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক এই হামলাগুলো একটি পরিকল্পিত ‘জ্বালানি যুদ্ধের’ অংশ হতে পারে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বলা হয়েছে, মিনা আবদুল্লাহ ও মিনা আল-আহমাদি—উভয়ই কুয়েতের অর্থনীতির মূল চালিকাশক্তি এক্ষেত্রে ক্ষতি দেশটির জন্য অপূরণীয়। এ ধরনের হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহকে ব্যাহত করতে পারে এবং তেলের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
এখনও পর্যন্ত হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের আগের হুমকির সঙ্গে এই ঘটনার সম্ভাব্য সম্পর্কের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। কুয়েত সরকার তেল স্থাপনাগুলোর নিরাপত্তা সর্বোচ্চ স্তরে বজায় রেখেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available