আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পোর্ট আর্থারের ভ্যালেরো রিফাইনারিতে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। যদিও এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবুও নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে ভ্যালেরো তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।


স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি শিল্পকারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রতিদিন প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যারেল পরিশোধন সক্ষমতার এই রিফাইনারিতে স্থানীয় সময় সোমবার রাতের দিকে আগুন লাগে। জেফারসন কাউন্টির শেরিফ জিনা স্টিফেন্স জানান, বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে ওই শিল্প হিটারকে সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় ভ্যালেরো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
অন্যদিকে বার্তাসংস্থা আনাদোলু জানায়, বিস্ফোরণের পর পোর্ট আর্থারের পশ্চিমাঞ্চলে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়। জরুরি সেবা বিভাগ ‘অল ক্লিয়ার’ না দেয়া পর্যন্ত মানুষকে বাইরে না বের হতে বলা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, হাইওয়ে ৮২ ও ৮৭ সংলগ্ন এলাকায় এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তাই সেসব এলাকায় চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available