আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, যারা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতিপক্ষ শক্তিকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জনের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে তাদের নামের তালিকা এমনকি কোন দেশের নাগরিক সে তথ্য প্রকাশ করা হয়নি।


এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ‘ডনরো ডকট্রিন’ নামে একটি নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন। এটি ১৯শ শতকের ‘মনরো ডকট্রিন’-এর আদলে গড়ে তোলা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি করা।

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকা মহাদেশে মাদক পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে। এ ক্ষেত্রে নির্দেশনা অমান্য করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি, লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায়ও সক্রিয় হয়েছে ওয়াশিংটন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন ভিসা নীতির লক্ষ্য হলো এমন ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ শক্তিকে সহায়তা করে। এর মধ্যে রয়েছে কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণে সহায়তা, আঞ্চলিক নিরাপত্তা দুর্বল করা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করা বা প্রভাব বিস্তারের কার্যক্রমে যুক্ত থাকা।
তবে বিবৃতিতে চীন বা মাদক পাচার চক্রের বিরুদ্ধে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সময়ে বিদেশি সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ভিসা বাতিলের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
গত বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া সম্প্রতি ইরান সরকারের সঙ্গে পারিবারিক বা রাজনৈতিক সম্পর্ক থাকা অন্তত সাতজনের অভিবাসন ভিসাও বাতিল করা হয়েছে।
এদিকে, কিছু লাতিন আমেরিকান নেতাও ভিসা বাতিলের মুখে পড়েছেন। গত জুলাইয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো-এর বিরুদ্ধে মামলায় জড়িত কর্মকর্তাদের ভিসা বাতিল করা হয়। সেপ্টেম্বরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো-এর ভিসাও বাতিল করা হয়। যদিও পরবর্তীতে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available