আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভার নির্বাচনে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। ২০২১ সালের তুলনায় প্রায় ৫১ লক্ষ ভোটার কম থাকলেও ভোট দিয়েছেন অতিরিক্ত ৩০ লক্ষের বেশি মানুষ। দ্বিতীয় দফা শেষে রাত ১২টা পর্যন্ত ভোটের হার দাঁড়িয়েছে ৯২.৬৩ শতাংশ, যা দুই দফা মিলিয়ে প্রায় ৯২.৯৩ শতাংশ—দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ।
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, যাঁরা আগে ভোট দিতেন না বা দিতে পারতেন না, তাঁদের বড় একটি অংশ এবার ভোট দিয়েছেন। প্রতি বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় ১০ হাজার ভোটার বেশি অংশ নিয়েছেন; প্রথম দফায় এই সংখ্যা বেশি, দ্বিতীয় দফায় তুলনামূলক কম।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত ভোট নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। অনেক বুথফেরত সমীক্ষায় ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখা হলেও তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারে—এমন ইঙ্গিতও রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

সাধারণ ধারণা অনুযায়ী, বেশি ভোটদান অনেক সময় ক্ষমতাসীনদের বিপক্ষে যায়। তবে এর ব্যতিক্রমও রয়েছে। ২০১১ সালে সর্বোচ্চ ৮৪.৩৩ শতাংশ ভোট পড়ে এবং সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, শেষ হয় ৩৪ বছরের বাম শাসন।
এবারের এই বাড়তি ভোট শেষ পর্যন্ত কার পক্ষে যায়, সেটাই এখন বড় প্রশ্ন।
সূত্র: আনন্দবাজার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available