আন্তর্জাতিক ডেস্ক: শহরে নারীরা কতটা নিরাপদ—তা সরেজমিনে বুঝতে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নামেন ভারতের তেলঙ্গানার এক নারী আইপিএস কর্মকর্তা। আর সেই অভিজ্ঞতাই নতুন করে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মালকাজগিরিতে। সেখানকার পুলিশ কমিশনার সুমতি মধ্যরাতের পর একাই একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এগিয়ে আসেন। অনেকেই কথা বলার চেষ্টা করেন, কেউ কেউ কুপ্রস্তাবও দেন।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় সুমতির সঙ্গে কোনো পুলিশ সদস্য ছিল না। সাধারণ নারীর বেশে তিনি মালকাজগিরি থানার কাছের একটি বাসস্ট্যান্ডে অবস্থান নেন। তার কাছে আসা অধিকাংশই ছিলেন তরুণ, যাদের মধ্যে কয়েকজন ছাত্রও ছিলেন। কয়েকজনকে নেশাগ্রস্ত অবস্থায়ও দেখা যায়।

তবে কেউই বুঝতে পারেননি যে তারা একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।
পুলিশ সূত্র জানায়, নারী নিরাপত্তা নিয়ে শুধু অভিযোগের ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়। পরে ওই ব্যক্তিদের কয়েকজনকে শনাক্ত করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং জনসমক্ষে নারীদের প্রতি আচরণ নিয়ে সতর্ক করা হয়।
পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা গেছে, এটি সুমতির প্রথম এমন অভিযান নয়। কর্মজীবনের শুরুতে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিসেবে কাজিপেট রেলস্টেশন এলাকায়ও একই ধরনের অভিযান চালিয়েছিলেন তিনি।
সূত্র: আনন্দবাজার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available