আন্তর্জাতিক ডেস্ক: জেন-জি প্রজন্মের সামাজিক ও রাজনৈতিক অসন্তোষকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি অনলাইন-ভিত্তিক গ্রুপ ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই প্ল্যাটফর্মটি বিপুলসংখ্যক অনুসারী অর্জন করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতি, বেকারত্ব ও মূল্যস্ফীতির মতো বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার কারণে গ্রুপটি তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। অনেকে বলছেন, এটি ভারতের মূলধারার রাজনৈতিক আলোচনায় জেন-জিদের অনুপস্থিত কণ্ঠস্বরকে তুলে ধরছে।
গ্রুপটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা অল্প সময়েই কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যম উপস্থিতিকেও ছাড়িয়ে গেছে। তাদের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি তেলাপোকার চিত্র, আর তারা নিজেদের পরিচয় দিচ্ছে ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে।
গ্রুপটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যকে কেন্দ্র করেই এই ব্যঙ্গাত্মক আন্দোলনের ধারণা তৈরি হয়। পরে এটি তরুণদের সামাজিক ও রাজনৈতিক ক্ষোভ প্রকাশের একটি অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক আলোচনায় তরুণদের সমস্যাগুলো যথাযথভাবে উঠে আসছে না, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করা।
গ্রুপটি তাদের অনলাইন কার্যক্রমে শিক্ষা, কর্মসংস্থান, নারী প্রতিনিধিত্ব এবং পরীক্ষায় অনিয়মসহ বিভিন্ন সামাজিক ইস্যু তুলে ধরছে।
এক জরিপে বলা হয়েছে, ভারতের জেন-জি প্রজন্ম বেকারত্ব, আর্থিক চাপ ও জীবনযাত্রার ব্যয়ের কারণে ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে, যা এই ধরনের আন্দোলনের প্রতি তাদের আগ্রহ বাড়াচ্ছে।
তবে আন্দোলনের উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, এটি কোনো সহিংস বা রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের উদ্যোগ নয়, বরং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক সীমার মধ্যে একটি মতপ্রকাশের মাধ্যম।
সূত্র: রয়টার্স, বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available