আন্তর্জাতিক ডেস্ক: চারদিনের ভারত সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২৩ মে শনিবার সকালে সস্ত্রীক কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুবিও। মাদার তেরেসা হাউস, বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম পরিদর্শন শেষে বিমানযোগে দিল্লি যাবেন তিনি।
২৩ মে থেকে ২৬ মে ভারত সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চারদিনের এই সফরে তিনি দেখা করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।
মূলত, ইরান যুদ্ধের জেরে কয়েক মাস ধরেই মারাত্মক জ্বালানি সংকটে নয়া দিল্লি। প্রয়োজনের ৮০ শতাংশ জ্বালানিই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে দেশটি। এমন পরিস্থিতিতে মার্কিন তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন রুবিও— এমন ধারণা বিশ্লেষকদের। তবে লম্বা দূরত্ব থেকে চড়া মূল্যের মার্কিন জ্বালানি ক্রয় কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
তেল কেনাবেচা ছাড়াও চলতি সপ্তাহে 'কোয়াড' পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ভারত-যুক্তরাষ্ট্রের ৫৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানো, পাকিস্তানের সাথে ওয়াশিংটনের সাম্প্রতিক ঘনিষ্ঠতার মতো ইস্যুও আলোচনার কথা এই সফরে।
রুবিওর এবারই প্রথম ভারত সফর। এই সফরের শেষ দিনে, অর্থাৎ ২৬ মে নয়াদিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। এতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সেই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু। এর সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
তথ্যসূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available