আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়গুলো অনুমোদিত হয়েছে বলে দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই এ মন্তব্য আসে তেহরানের পক্ষ থেকে।
১১ জুন বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি টেলিফোন সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। যদিও আলোচনার খসড়ার বেশিরভাগ অংশ প্রস্তুত হয়েছে, তবে যুক্তরাষ্ট্র নতুন নতুন শর্ত ও অতিরিক্ত দাবি যুক্ত করছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে প্রণালিটি আগের তুলনায় কম নিরাপদ হয়ে উঠেছে।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল বিষয়বস্তু এবং এর বিস্তারিত শর্ত সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এ কারণেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সপ্তাহান্তে ইউরোপের কোনো একটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। তিনি অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেবেন বলে জানান। ট্রাম্প আরও দাবি করেন, চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত করা হবে।
তবে ট্রাম্পের এসব বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আলোচনা এগোলেও এখনো কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পরে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ও সীমিত হামলার ঘটনা ঘটে। এর মধ্যেই বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স, এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available