অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর।
এরমধ্যে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সকল মূল সনদ (সার্টিফিকেট), জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্যগত সনদসহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত বিবেচিত হবেন।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান এবং প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য আর বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available