• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৬:২২ (08-May-2026)
  • - ৩৩° সে:

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গণমাধ্যমে হামলার ঘটনা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

৮ মে ২০২৬ সকাল ১১:৫৪:৪৯

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গণমাধ্যমে হামলার ঘটনা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

জাগোনিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ৮ মে শুক্রবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশে গণমাধ্যমের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে আক্রমণ হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

Ad

তিনি অভিযোগ করেন, এসব হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। তার ভাষায়, ‘এসব হামলা আকস্মিক ছিল না, অনেকটা ঘোষণা দিয়েই করা হয়েছে। কিন্তু তখনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী এমনকি গণমাধ্যম সংশ্লিষ্ট কেউ কেউ এসব হামলার ঘটনায় প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিষয়টি গণমাধ্যম খাতের অভ্যন্তরীণ সংকটেরও ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে ইফতেখারুজ্জামান বলেন, গত এক দশকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ স্ট্রাক এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৮ ও ৯ মে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন এবং ১২টির বেশি সেশনে দেশি-বিদেশি আলোচকরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us