• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৪৩:৪৫ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

আদ্-দ্বীন হাসপাতালের কর্মীদের হামলায় ৩ সাংবাদিক আহত

৩১ মে ২০২৬ সকাল ০৯:৫৫:১৩

আদ্-দ্বীন হাসপাতালের কর্মীদের হামলায় ৩ সাংবাদিক আহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৩১ মে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে স্বাস্থ্য উপদেষ্টা সরদার সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কলেজ ভবনের আটতলায় একটি বেকারির অস্তিত্বের কথা জানান। নবজাতকদের মৃত্যুর ঘটনায় বেকারিটি কোনোভাবে সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনের খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হাসপাতালে যান। উপদেষ্টা চলে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রবেশপথ বন্ধ করে দেয়। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের ধাওয়া দেন। এতে টাইমস অব বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক কাজী জাহিদ, দীপ্ত টিভির এক ক্যামেরাপারসনসহ তিনজন আহত হন। বৈশাখী টিভির একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাংবাদিকদের ভিড়ের কারণে রোগীদের চলাচলে সমস্যা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us