নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন তারেক রহমান।
৬ মার্চ শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।


দলীয় সূত্রে জানা যায়, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সংসদীয় বিধি-বিধান, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে নতুন জনপ্রতিনিধিদের সম্যক ধারণা দিতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান নবনির্বাচিত এমপিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক আমলা এবং বিভিন্ন শিক্ষাবিদ প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে সংসদে ‘পয়েন্ট অব অর্ডার’ উত্থাপন, বিল পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংসদে উপস্থাপনের কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকার ও সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available