নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে মোট ৬০,২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।
৮ এপ্রিল বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য তুলে ধরেন।


মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য সরকার ইতোমধ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বিস্তারিত তুলে ধরে বলেন, সরকারি কলেজগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষক পদের ৬৫৬টি পদ শূন্য রয়েছে। সদ্য সরকারিকৃত কলেজে নন-ক্যাডার প্রভাষক পদের ২,৪১০টি পদ খালি। অন্যদিকে, বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১,৩৪৯টি পদ শূন্য। এছাড়া এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১,৩৪৪টি শূন্য পদে সরাসরি নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
শূন্য পদ পূরণের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সরকারি কলেজের প্রভাষক নিয়োগে ৪৫তম থেকে ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। এ সংক্রান্ত ই-রিকুইজিশন বিজ্ঞপ্তি ২৯ মার্চ প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী পরবর্তী নিয়োগ ধাপ সম্পন্ন করা হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সহকারী প্রধানের ১১,১৫১টি শূন্য পদ পূরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং প্রার্থীদের আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান এই দীর্ঘমেয়াদি ও সমন্বিত নিয়োগ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available