নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘রোগ কোনো নির্দিষ্ট সময়ে হয় না, অথচ আমাদের সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে বা আলট্রাসাউন্ডের মতো জরুরি সেবাগুলো নির্দিষ্ট সময়ের পর আর পাওয়া যায় না। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন।’
২৪ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘রাত ১০টায় একজনের জরুরি আলট্রাসাউন্ড প্রয়োজন হলে তার স্বজনদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, তা ভুক্তভোগীরাই জানেন। জরুরি সময়ে প্রয়োজনীয় পরীক্ষা না করা গেলে সঠিক চিকিৎসা ব্যাহত হয়।’

তিনি বলেন, শুধু বরাদ্দ বা অর্থায়ন বাড়ালেই হবে না, বরং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মন্ত্রী দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়ে বলেন, ‘মানুষ তৈরি না হলে দামি মেশিন দিয়ে কোনো লাভ হবে না। আমাদের টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ও চিকিৎসক—সব পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এম মঈনুল ইসলাম। দিনব্যাপী সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিষয়ে অর্ধশতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে ডা. ফরিদা ইয়াসমিনকে ‘ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available