• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৩:৫৫ (03-May-2026)
  • - ৩৩° সে:

যেকোনো দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

৩ মে ২০২৬ দুপুর ১২:১৩:১৫

যেকোনো দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ মে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ নির্দেশনা দেন।

Ad
Ad

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখতে হবে।’

Ad

তিনি আরও বলেন, সরকার চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার।’

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি জেলা প্রশাসকদের বাজার ব্যবস্থাপনা ও বিদ্যুৎ সাশ্রয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান, বিশেষ করে সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করার নির্দেশ দেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে সম্মেলনস্থলে যান। পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। দিন শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আগামী দিনগুলোতে অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, আইন ও বিচার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us