ডেস্ক রিপোর্ট: আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল লাখো মানুষ। ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব সম্পর্কে বহু আগেই সতর্ক করেছিলেন এই প্রবীণ নেতা। তার উচ্চারিত ‘মরণবাঁধ ফারাক্কা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানটি আজও পদ্মা অববাহিকায় আন্দোলনের প্রতীক হয়ে আছে।
১৯৭৬ সালের এই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজশাহীর মাদরাসা ময়দানে সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত ভাষণ শেষে মওলানা ভাসানীর নেতৃত্বে লংমার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়।


১৯৭৪ সালে ফারাক্কা ব্যারাজ চালুর পর থেকেই শুষ্ক মৌসুমে পদ্মায় পানিপ্রবাহ কমতে শুরু করে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকারের সময়ে পাঁচ বছর মেয়াদি একটি পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হলেও পরবর্তীতে তা আর স্থায়ী সমাধানে রূপ নেয়নি। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি সই হয়। তবে সমালোচকদের দাবি, চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ না থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিত সুবিধা পায়নি।

বর্তমানে শুকনো মৌসুমে পানির সংকট ও বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের কারণে পদ্মা নদীর নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এবারের ফারাক্কা লংমার্চ দিবসটি এসেছে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গঙ্গার পানিবণ্টন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন। গত ২৯ জানুয়ারি রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন।
এছাড়াও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের ২৪টি জেলার কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
পদ্মা পাড়ের মানুষের প্রত্যাশা, ভবিষ্যতের যেকোনো পানি বণ্টন চুক্তিতে নদীর ন্যূনতম প্রবাহ নিশ্চিতের বিষয়টি গুরুত্ব পাবে এবং দীর্ঘদিনের এই সংকটের একটি টেকসই সমাধান হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available