• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৭:২৪ (20-May-2026)
  • - ৩৩° সে:

আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ মে ২০২৬ সকাল ০৯:১৪:৩১

আজ গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো সরকারি সফরে আজ ২০ মে বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি।

সফরের অংশ হিসেবে সফিপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Ad
Ad

ঢাকা টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তাঁর সফরসূচিতে। এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উন্নয়ন প্রত্যাশা আরও বেড়েছে।

Ad

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর টঙ্গী সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরী আইন-২০১৮ এর ২৯ ও ৩১ ধারার ক্ষমতাবলে নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে নতুন ব্যক্তি বসবাস, ড্রোন উড়ানো এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়া এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিং এলাকা।

এ ছাড়া এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন এবং ড্রোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us