ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৩ জুন শনিবার সকালে বিমানযোগে তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জুলাই গণঅভ্যুত্থানের এক শহীদের কবর জিয়ারত, দুটি নতুন প্রশাসনিক ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন।
সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় যাবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪–এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় তিনি নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করার কথা রয়েছে।
বিরতির পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক এলাকায় যাবেন এবং সড়ক ও সমুদ্রসৈকতের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী কক্সবাজারের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার সফর শেষ হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available