নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার রাত সোয়া ২টার দিকে তার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।


পুলিশ জানায়, এ ঘটনায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মামলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি মাছুম মোস্তফার প্রতিদ্বন্দ্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ৬০ জনের নাম উল্লেখ এবং আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের একটি ফিলিং স্টেশনে গাড়িতে জ্বালানি নিতে যান এমপি। এ সময় তিনি মাগরিবের নামাজ আদায় করতে গেলে ১৫টির মতো মোটরসাইকেলে আসা ২৫-৩০ জন যুবক সেখানে হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে তার গাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা তাকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়।
রাতে সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা দাবি করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মো. আবু তাহের তালুকদার। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন এবং বিষয়টি জানার পর দলীয় নেতাদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাকে প্রধান আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান এবং এটিকে মিথ্যা মামলা বলে দাবি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available