• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৩:৪৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ক্যারিবীয়দের কাছে হেরে স্কটল্যান্ডেরও নিচে নামল ইংল্যান্ড

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৮:০৮

ক্যারিবীয়দের কাছে হেরে স্কটল্যান্ডেরও নিচে নামল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে গতকাল (বুধবার) অন্যতম বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়ে ৩০ রানে জিতেছে ক্যারিবীয়রা। এ নিয়ে টানা দুই জয়ে শাই হোপের দল ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে। বিপরীতে হ্যারি ব্রুকের অধীনে ইংল্যান্ড প্রথমবারের মতো পুরো ২০ ওভারের ম্যাচে হারল। এরই মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে স্কটল্যান্ডেরও নিচে (তিন) নেমে গেল ইংলিশরা।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে দুই দলেরই ব্যাটিংয়ের শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। তবে শেরফান রাদারফোর্ডের হাফসেঞ্চুরি ও কয়েকজনের ছোট ক্যামিওতে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। অন্যদিকে, শুরুতে ঝোড়ো ব্যাটিং করে ২ ওভারে বিনা উইকেটে ৩১ রান তোলা ইংলিশরা পাওয়ার প্লেতে ৬৭ রান করে। এরপর খেই হারিয়ে ১৯ ওভারেই অলআউট হয় ১৬৬ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নামার পর দলীয় ৮ রানে প্রথম ওভারেই আউট উইন্ডিজ অধিনায়ক হোপ (০)। আর কোনো রান যোগ না হতেই ব্রেন্ডন কিং (১) ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এরপর পাল্টা লড়াই শুরু করেন শিমরন হেটমায়ার ও রোস্টন চেজরা। দুজন মিলে ৪৭ রানের জুটি গড়েন। ১২ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রান করেন হেটমায়ার। ২৯ বলে ৩৪ রান করেন চেজ। ১৪ রানে ফেরেন রভম্যান পাওয়েলও।

৬১ রানের জুটি গড়েছেন রাদারফোর্ড ও জেসন হোল্ডার। ক্যারিবীদের মূল পুঁজিটা আসে রাদারফোর্ডের ব্যাট থেকে, তিনি ৪২ বলে ২ চার ও ৭ ছক্কায় ৭৬ রানে অপরাজিত ছিলেন। ১৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রান করেন হোল্ডার। বিপরীতে ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন ও আদিল রশিদ।

লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু পেলেও মাঝের বিপর্যয়টা সামলাতে পারেনি ইংল্যান্ড। ৬.৩ ওভারেই তারা ১ উইকেটে ৭৪ রান তুলে ফেলেছিল। রোস্টন চেজ জস বাটলারকে (১৪ বলে ২১) ফেরাতেই বদলে যায় ছবি। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রান তোলার গতি হারায়। ফিল সল্ট ১৪ বলে ৩০ এবং জ্যাকব বেথেল ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন। এরপর গতি বাড়াতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়েছে ইংলিশরা। হ্যারি ব্রুক ও স্যাম কারানের ৪১ রান ছাড়া আর কোনো বড় জুটি আসেনি। কারান ৩০ বলে ৪৩ এবং ব্রুক ১৭ রান করেন। তাদের ইনিংস থামে ১৬৬ রানে।

৩০ রানের ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি মিলে নিয়েছেন ৬ উইকেট। মোতি সর্বোচ্চ পেয়েছেন ৩ উইকেট। এ ছাড়া চেজ ২, দুই পেসার রোমারিও শেফার্ড ও শামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ড দুইয়ে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫



Follow Us