স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, একটি উবার গাড়িতে থাকা আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এতে গাড়ির চালকসহ একাধিক যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন সমর্থকের মৃত্যু হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একই সময় শহরের বিভিন্ন এলাকায় এবং ইন্টারস্টেট ৭০ ও ইন্টারস্টেট ৬৭০ হাইওয়ের আশপাশে একাধিক গুলির ঘটনা ঘটে। ঘটনার সময় অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একটি ম্যাচ চলছিল বলেও জানা গেছে।
পুলিশের তথ্যমতে, ২২ বছর বয়সী এক সন্দেহভাজন এখনো পলাতক রয়েছে। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে সতর্ক করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা একটি গাড়ি থেকে উবারের পাশে এসে গুলি চালায়। প্রথমে সমর্থকরা বিষয়টি টায়ার বিস্ফোরণ বলে মনে করলেও পরে বুঝতে পারেন তারা গুলিবর্ষণের শিকার হয়েছেন।
ঘটনার পর কানসাস সিটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে এমন সহিংস ঘটনায় বিশ্বকাপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available