ট্রাইব্যুনালে হাজির করা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে
ডেস্ক রিপোর্ট: ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।এর আগে গত ৭ মে বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।প্রসিকিউশন সূত্রে দেশ রূপান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ মে বৃহস্পতিবার তাদের আনুষ্ঠানিকভাবে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য আবেদন করা হবে বলেও জানান তারা।প্রসিকিউশন আরও দাবি করেছে, শাপলা চত্বরের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তাদের অভিযোগ, ঘটনাস্থলের মৃত্যুর সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন।তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ওই ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।এ মামলায় এরই মধ্যে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন কারাগারে রয়েছেন।বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেছে।