নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেএটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড- ২০২৬ পেয়েছেন ১০ জন নারী। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তৃতীয় আসর।
১৩ মার্চ শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি সম্মাননা অর্জন করেছেন। কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট) মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার (কেবিন সার্ভিস ডিপার্টমেন্ট) মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি অন্ট্রোপ্রনোয়র ক্যাটাগরিতে রয়াল আরসালান্স-এর স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিজেএফবি কর্তৃক নারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এই খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।
বিএনপির ইশতেহারেও বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং পর্যটন সম্ভাবনাকে বিশ্বে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা আজ পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাঁদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এভিয়েশন ও পর্যটন সাংবাদিকরাও এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ। আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, স্বীকৃতিপ্রাপ্ত নারী, তাদের পরিবারের সদস্যসহ এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available